রাজধানীর পল্লবীর সবুজবাংলা আবাসিক এলাকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ওই সাংবাদিক।
প্রান্ত পারভেজের ভাষ্য, দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি তাঁর বাসার সামনে এসে তাঁকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সব মিলিয়ে চার রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানান তিনি।
সাংবাদিক প্রান্ত পারভেজের অভিযোগ, মিরপুর ও পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ‘আশিক গ্রুপ’ জড়িত। সম্প্রতি ওই গ্রুপের কথিত চাঁদাবাজি নিয়ে ৭১ টেলিভিশনে সংবাদ প্রচারিত হওয়ার পর থেকেই তাঁর ওপর হামলার আশঙ্কা তৈরি হয়।
তাঁর দাবি, ওই সংবাদের জেরেই পরিকল্পিতভাবে তাঁর বাসায় হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ‘আশিক গ্রুপের’ মূলহোতা হিসেবে আশিকের নামও উল্লেখ করেছেন তিনি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রান্ত পারভেজ। মঙ্গলবার সকালে পল্লবী থানায় মামলা করার কথা রয়েছে তাঁর।